আবনা : সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ দুপুরে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান এ আদেশ দেন। এর আগে রাজধানীর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন লতিফ সিদ্দিকী। পরে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে কোন আইনজীবী ছিলেন না। তিনি জামিন আবেদনও করেননি। এদিকে লতিফ সিদ্দিকীকে আদালতে নেয়া হলে সেখানে বিক্ষোভ করেন আইনজীবীরা। আদালত থেকে কারাগারে নেয়ার পথে লতিফ সিদ্দিকীকে বহনকারী প্রিজনভ্যান লক্ষ্য করে ঝাড়– এবং জুতা প্রদর্শণ করেন বিক্ষুব্ধ আইনজীবীরা। এর আগে কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে গত রবিবার রাতে ভারত থেকে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী। গত ২৮শে সেপ্টেম্বর নিউইয়র্কে এক আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.), হজ এবং তাবলিগ জামায়াত নিয়ে কটুক্তি করেন লতিফ সিদ্দিকী। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়েও বিদ্রুপাত্মক মন্তব্য করেন তিনি। লতিফ সিদ্দিকীর এ মন্তব্যে সমালোচনার ঝড় উঠে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠে সব মহল থেকে। প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেন। পরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম এবং সাধারণ সদস্য পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়। যদিও সংসদ সদস্য হিসেবে এখনও বহাল তবিয়তে রয়েছেন তিনি।
২৫ নভেম্বর ২০১৪ - ১২:১৪
News ID: 653922
সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।